আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান। কর্মশালায় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, গ্রাম আদালত আইন-২০০৬ অনুযায়ী অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব। এ আদালতে আইনজীবী নিয়োগের প্রয়োজন হয় না এবং মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে অল্প সময়ে ও স্বল্প খরচে সঠিক বিচার পাওয়া যায়।
বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এবং বিআরডিবি কর্মকর্তা তাজবীর মোস্তফা।
গ্রাম আদালত পূর্বধলা উপজেলার কো-অর্ডিনেটর মোঃ বদিউজ্জামাল বাদল জানান, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

0 মন্তব্যসমূহ